
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি – ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দুই দেশই সুপার এইটে জায়গা করে নিয়েছে। চার ম্যাচেই অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল এবারও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড় স্বাভাবিকভাবেই উত্তরসূরীদের ফাইনালে দেখতে চান, তবে প্রতিপক্ষ হিসেবে তার চাওয়া বেশ চমকপ্রদ।
আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে ভারতের প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে দেখতে চান দ্রাবিড়। যদিও ক্রিকেট বিশ্বের অনেকের কাছেই বিষয়টি অবাক করার মতো, তবে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসির কোনো বড় আসরে এটিই আফ্রিকান দলটির সেরা সাফল্য। গ্রুপ পর্বে অপরাজিত ছিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ওমানের বিপক্ষে জয় এবং আয়ারল্যান্ডের সাথে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকে শীর্ষস্থান দখল করেই তারা পরবর্তী রাউন্ডে উঠেছে।
রাহুল দ্রাবিড় এক সাক্ষাৎকারে বলেন, ভারতের বিপক্ষে ফাইনালে জিম্বাবুয়েকে দেখলে তিনি খুশি হবেন। তার মতে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য এটি একটি দারুণ অর্জন হবে।
সহযোগী দেশগুলোর ভালো খেলার প্রশংসা করে তিনি উল্লেখ করেন যে ক্রিকেটে নতুন শক্তির উত্থান সব সময়ই ইতিবাচক। যদিও সব দল সুপার এইটে উঠতে পারেনি, তবুও তাদের মাঝে থাকা তরুণ প্রতিভারা নজর কেড়েছে। এদিকে সুপার এইট পর্বে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। সাবেক অধিনায়কের মতে ভারতীয় দল চমৎকার ছন্দে রয়েছে এবং গত কয়েক বছর ধরে তারা এই ধারাবাহিকতা বজায় রেখেছে।
তবে টি-টোয়েন্টি ফরম্যাটের অনিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রাবিড় বলেন, নকআউট পর্বে ছোট ছোট মুহূর্তগুলোই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ভারতের ব্যাটিং গভীরতা এবং অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতিকে তিনি দলের বড় শক্তি হিসেবে দেখছেন।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬





