
ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাতে গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, আগামী ১২ মার্চ অথবা এর দুই-তিন দিন আগেই অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পরদিন বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়। সেই হিসেবে ১৪ মার্চের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
গত মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার কাজ শুরু করেছেন। তবে স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদের জন্য এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬





