চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে খেলতে প্রস্তুত আর্জেন্টাইন কিংবদন্তি। লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে রোববারের ম্যাচের আগে মেসির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।
বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৮টায় লস অ্যাঞ্জেলেসের মুখোমুখি হবে মিয়ামি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিয়ামি কোচ মেসি প্রসঙ্গে বলেছেন, ‘মেসি ভালো আছে। পুরো সপ্তাহ সে দলের অন্যদের মতো অনুশীলন করেছে। তার অনুভূতিও ইতিবাচক। সে পুরোপুরি প্রস্তুত।’
গত ৭ ফেব্রুয়ারি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে বার্সেলোনা এসসির বিপক্ষে খেলতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে টান লাগে মেসির। ম্যাচের ৫৮ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।


