দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি | চ্যানেল আই অনলাইন

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি | চ্যানেল আই অনলাইন

পূর্বে ড্রাফট পদ্ধতিতে দলে খেলোয়াড় নিতো ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারই প্রথম নিলাম পদ্ধতিতে ঢুকছে তারা। আসন্ন আসরে অংশ নিতে ৭১০ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। আছে বাংলাদেশের ২৩ ক্রিকেটারের নাম। সর্বোচ্চ ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে নিলামে থাকবেন পেসার মোস্তাফিজুর রহমান। যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকার বেশি।

বিবৃতিতে শুক্রবার নাম জমা দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। পুরুষ ও নারীদের প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার খেলার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ১২ মার্চ হবে প্রতিযোগিতাটির দল গোছানোর জন্য নিলাম অনুষ্ঠান।

এক লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে মোস্তাফিজের সঙ্গে আছেন আরও ২৯ ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার ভিত্তিমূল্যে বাংলাদেশের আছেন কেবল লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের বাকি ২১ জনের জায়গা হয়েছে ৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

নিলাম থেকে ৮টি দল স্কোয়াড সাজাবে ১৬ থেকে ১৮ জন খেলোয়াড় দিয়ে। প্রতিটি দল ৪ জন করে বিদেশি নিতে পারবে। এর আগে প্রত্যেক দলকে সরাসরি চুক্তিতে ৪ জন করে খেলোয়াড় কেনার সুযোগ দেয়া হয়েছে। সরাসরি চুক্তি করা যাবে ইংল্যান্ডের চুক্তিবদ্ধ ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে।

নিলামে বাংলাদেশের যারা নাম দিয়েছেন
মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।

Scroll to Top