একুশের মূল চেতনাই ছিল গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার: প্রধানমন্ত্রী – DesheBideshe

একুশের মূল চেতনাই ছিল গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার: প্রধানমন্ত্রী – DesheBideshe

একুশের মূল চেতনাই ছিল গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার: প্রধানমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই ও সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সব ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানান। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারেক রহমান উল্লেখ করেন, একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান রচিত হয়েছিল। তিনি আরও বলেন, একুশের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। ইউনেসকো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির বিষয়টিও তিনি গর্বভরে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী ২০২৪ সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদের আকাঙ্ক্ষা ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করার আহ্বান জানান। সবশেষে তিনি ভাষা শহীদদের মাগফিরাত কামনা করেন এবং দিবসটি উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করেন।

এসএএস/ ২০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top