
জাতীয় প্রেস ক্লাব, ১৯ ফেব্রুয়ারি – নির্বাচন কমিশন বা ইসি বর্তমানে অনেকটা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সুজন সম্পাদকের মতে নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর মীমাংসা করার পরেই কমিশনের উচিত ছিল গেজেট প্রকাশ করা। তিনি অভিযোগ করে বলেন রিটার্নিং কর্মকর্তারা যে ফলাফল পাঠান ইসি কেবল তা গেজেট আকারে প্রকাশ করে দেয় যা একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজ হতে পারে না। বরং ইসি এখন চিঠি আসা এবং স্ট্যাম্প মেরে পাঠিয়ে দেওয়ার মতো পোস্ট অফিসের দায়িত্ব পালন করছে।
বদিউল আলম মজুমদার বলেন সুজনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যেন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বসহ অযোগ্যতার বিষয়গুলো তদন্ত করে গেজেট প্রকাশ করা হয়। নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে সুষ্ঠুতা যাচাই করে সার্টিফিকেশন দেওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নূর হোসেন বনাম বাংলাদেশ মামলার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে কমিশন তদন্ত সাপেক্ষে ফলাফল বাতিল এবং পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে। কিন্তু এবার কমিশন কোনো তদন্ত না করে তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করেছে।
তবে এখনো অভিযোগ মীমাংসার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন আরপিও এর ৯১ এফ ধারা অনুযায়ী হলফনামা নিয়ে প্রশ্ন উঠলে গেজেট প্রকাশের পরেও ইসি তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। এছাড়া আরপিও অনুযায়ী আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক এবং যদি কেউ তা না দিয়ে থাকেন তবে তার মনোনয়নপত্র অসম্পূর্ণ হিসেবে গণ্য হওয়া এবং বাতিলের যোগ্যতা রাখে কি না তা নিয়েও প্রশ্ন তোলার সময় এসেছে।
এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬




