রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি ও ইফতার সংক্রান্ত নির্দেশনা – DesheBideshe

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি ও ইফতার সংক্রান্ত নির্দেশনা – DesheBideshe

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি ও ইফতার সংক্রান্ত নির্দেশনা – DesheBideshe

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে ঢাকার মেট্রোরেল। রমজান মাসের পরিবর্তিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এই নতুন নিয়মে ট্রেন চলাচল করবে। এছাড়া এই বিশেষ সময়ে ইফতারের জন্য যাত্রীরা সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পরিমাণের পানির বোতল বহন করতে পারবেন।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির পরিচালক এ কে এম খায়রুল আলম গত ১৬ ফেব্রুয়ারি রমজান উপলক্ষে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। নির্দেশনায় বলা হয় যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে দিনের প্রথম ট্রেনটি ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

নতুন সূচিতে ট্রেনের মধ্যবর্তী বিরতি বা হেডওয়ে সময়েও পরিবর্তন আনা হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের ক্ষেত্রে পিক আওয়ারে অর্থাৎ সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত এবং দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত বিরতি থাকবে সাড়ে ৫ থেকে ৬ মিনিট। বাকি সময়ে যাত্রী চাপ অনুযায়ী ৮ থেকে ২০ মিনিট পর পর ট্রেন চলবে।

একইভাবে মতিঝিল থেকে উত্তরা যাওয়ার পথে সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট এবং বিকেল ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে সাড়ে ৫ থেকে ৬ মিনিট।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে পবিত্র রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় কেবল ২৫০ মিলিলিটার পানির বোতল সাথে রাখতে পারবেন। তবে পানি যেন ফ্লোরে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।

প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। শুক্রবার ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top