
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায় বলে জানিয়েছেন টেকনোক্র্যাট কোটায় নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একইসঙ্গে নিজের পদের বিষয়ে সমালোচনার জবাবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি জোর করে এই দায়িত্ব গ্রহণ করেননি।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় মর্যাদা, পারস্পরিক সুবিধা ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশের স্বার্থেই পররাষ্ট্রনীতি পরিচালনা করা হবে।
তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বিশ্বাসী। ড. খলিলুর রহমান বলেন, দেশের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত রেখেই পররাষ্ট্রনীতি পরিচালিত হবে এবং সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতিতে ফিরে যেতে চায়। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তাদের এই লক্ষ্য ছিল বলে তিনি জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের প্রতি সরকারের নজর না কমে বরং আরও বাড়বে। আরাকানের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হবে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে চায় সরকার।
এছাড়াও নির্বাচন ও নিজের পদ নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকে নির্বাচন নিয়ে কারসাজির কথা বলছেন। প্রয়োজনে তারা ভোট আবার গুনে দেখতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, তিনি জোরপূর্বক পররাষ্ট্রমন্ত্রী হননি। অত্যন্ত দায়িত্বশীল একটি পররাষ্ট্রনীতি বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬




