বলিউড ও ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রবীণা দেশপাণ্ডে আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
পরিবারের পক্ষ থেকে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়,“গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিসেস প্রবীণা দেশপাণ্ডে ১৭ ফেব্রুয়ারি পরলোকগমন করেছেন।”
তিনি স্বামী অনিরুদ্ধ দেশপাণ্ডে, দুই ছেলে অভিমন্যু ও বীর এবং পুত্রবধূ রুচিরাকে রেখে গেছেন।
কয়েক দশক ধরে মারাঠি ও হিন্দি বিনোদন অঙ্গনে সম্মানজনক অবস্থান তৈরি করেছিলেন প্রবীণা দেশপাণ্ডে। বলিউডে তিনি বিশেষভাবে পরিচিতি পান রেডি ছবিতে শালু চৌধুরী চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ছবিটিতে অভিনয় করেছিলেন সালমান খান ও অসিন।
এছাড়াও তিনি সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেছেন পরমাণু, এক ভিলেন, গাব্বার ইজ ব্যাক এবং জালেবি–এর মতো আলোচিত সিনেমায়। টেলিভিশন ও ওয়েব সিরিজে সমান সক্রিয় ছিলেন প্রবীণা। ঘর এক মন্দির, কুমকুম, কর্ম আপনা আপনা এবং কুলফি কুমার বাজেওয়ালা–এর মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর তৃতীয় মৌসুমে তিনি মনোজ বাজপেয়ীর চরিত্র শ্রীকান্ত তিওয়ারির মায়ের ভূমিকায় অভিনয় করেন। এমনকি সবশেষে ২০২৬ সালের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘তাসকারে’–তে একটি ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে।
প্রবীণা দেশপাণ্ডের মৃত্যুতে ভারতীয় বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহ-অভিনয়শিল্পীরা বলছেন, দীর্ঘ অভিনয়জীবনে তার বহুমাত্রিক অবদান দর্শক হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। মিড ডে


