বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ প্রদান করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করবে। পাশাপাশি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

এর আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টা থেকে তিনি সচিবালয়ের ১ নম্বর ভবন বা মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে তার প্রথম কর্মদিবসের সূচনা করেন। শপথগ্রহণের পর আজ সকালেই সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান। বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সাভারের আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মন্ত্রিপরিষদ সদস্যসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে যে দাপ্তরিক কার্যক্রমের শুরুতেই দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে তারেক রহমানের।

এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। এরপর বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন বলে জানা গেছে। উল্লেখ্য যে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top