২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। তার আগে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে প্রথমবার সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশের হয়ে বিশ্ব শাসন করা অলরাউন্ডার। দুইবারের সংসদ সদস্য ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল চান দ্রুতই তাদের আবার দেশের ক্রিকেটে ফিরিয়ে আনতে।
দায়িত্ব নিয়ে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন আমিনুল হক। সেখানে আসে সাকিব-মাশরাফী প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব।’
‘সাকিব-মাশরাফীর নামে যে মামলা আছে সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। তারা দেশের কিংবদন্তি ক্রিকেটার হওয়ায় সরকার তাদের বিষয়ে নমনীয় থাকবে এবং তারা যাতে দ্রুত দেশে ফিরতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক।’
‘ক্রিকেট বোর্ডের নির্বাচন আমি আগেও বলেছি এটা প্রশ্নবিদ্ধ ছিলো। এটা নিয়ে আমরা বসব, বসে আলোচনা করব। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে করব।’
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের সাথে বিসিবির সমস্যা নিয়ে আমিনুল বলেন, ‘আমি নিজেই জানি না সেখানে ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি যেন কালকে থেকে যেন আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।’


