পবিত্র রমজানকে সামনে রেখে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) এই বিক্রয় কার্যক্রম চলবে। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকারি নির্দেশনায় এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
টিসিবি জানায়, ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্যান্য সাতটি বিভাগীয় শহরে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৫টি জেলা শহরে ৫টি করে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কেনার সুযোগ পাবেন।
এই কার্যক্রমের আওতায় প্রায় ৩৫ লাখ উপকারভোগীর মধ্যে মোট ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা), ১ কেজি ছোলা (৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (১৬০ টাকা) কিনতে পারবেন।
টিসিবি জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিতরণ কার্যক্রমও চলমান থাকবে। রমজান উপলক্ষে ফেব্রুয়ারি মাসে ৪০ হাজার ৩০০ মেট্রিক টন এবং মার্চ মাসে ৩৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে।
কার্ডধারীরা আগের নির্ধারিত মূল্যে ভোজ্যতেল, চিনি ও ডাল পাওয়ার পাশাপাশি অতিরিক্ত পণ্য হিসেবে ছোলা (৬০ টাকা প্রতি কেজি) ও খেজুর (১৬০ টাকা প্রতি কেজি) কিনতে পারবেন। যেকোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।



