
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের এবং আইন মন্ত্রণালয়ের গত দেড় বছরের কাজের বিস্তারিত খতিয়ান জনসমক্ষে তুলে ধরেছেন। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সমালোচনাকারীদের জবাব দেন।
আসিফ নজরুল উল্লেখ করেন যে তাকে নিয়ে নানা সমালোচনা হলেও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তার মন্ত্রণালয় বিরামহীন কাজ করে যাচ্ছে। তিনি জানান এই সময়ে ২২টি আইনি সংস্কার এবং ১৫টি প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া ২৪ হাজার ২৭৬টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গণহত্যার বিচার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশ সংশোধন করে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারক নিয়োগে স্বচ্ছতা আনতে অধ্যাদেশ জারি করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে পূর্বের নিপীড়নমূলক ধারা বাতিল করা হয়েছে। আসিফ নজরুল আরও জানান হয়রানিমূলক মামলা কমাতে বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান চালু করায় সফল নিষ্পত্তির হার বেড়েছে।
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে ই-ফ্যামিলি কোর্ট এবং অনলাইন বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়েছে। নিজের কাজের ধরণ সম্পর্কে তিনি বলেন খুব সকালে অফিসে এসে প্রয়োজনে রাত পর্যন্ত কাজ করেছেন এবং ছুটির দিনগুলোতেও সচিবালায়ে সময় দিয়েছেন। তিনি সমালোচকদের উদ্দেশ্যে অনুরোধ জানান সমালোচনা করার আগে কী কী কাজ হয়েছে তা যেন তারা জেনে নেন।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬





