
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – নির্বাচনের পরদিনই দেশ ছেড়ে যাওয়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, টেলিকম খাতে নতুন কোনো লাইসেন্স না দেওয়ায় বিভিন্ন দলের অনেক মানুষ অসন্তুষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, তিনি যদি মুখ খোলেন তাহলে অনেক ভদ্রলোকের শুধু প্যান্টই নয়, আন্ডারওয়্যারও খুলে পড়ার মতো অবস্থা হবে। তাই তার সঙ্গে বুঝে শুনে বিরোধে জড়াতে বলেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি দেশ ত্যাগ করেন।
ফেসবুকে ফয়েজ তৈয়্যব লিখেছেন, টেলিকম খাতে দুর্নীতির সবচেয়ে বড় উৎস হচ্ছে লাইসেন্স দেওয়া। বাংলাদেশের ইতিহাসে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে তিনিই প্রথম কোনো লাইসেন্স দেননি। তাই দুর্নীতির কোনো সুযোগ তিনি রাখেননি। লাইসেন্স না দেওয়ায় বিভিন্ন দলের অনেকেই অসন্তুষ্ট হয়েছেন, প্রয়োজনে সেই গল্প পরে বলা যাবে। তিনি বলেন, মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট নয়, আন্ডারওয়্যারও খুলে পড়তে পারে। তাই তার সঙ্গে হিসাব করে বিরোধে জড়াতে বলেছেন।
ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, বরং তার কাজ নিয়ে আলোচনা ও সমালোচনা করলে দেশের উপকার হবে। যারা আইসিটি ও টেলিকম খাতে তার করা সংস্কার কার্যক্রমে আগ্রহী, তারা আইন ও নীতিমালা পড়তে বলেছেন। এতে তার, তার টিম এবং অন্তর্বর্তীকালীন সরকারের অর্ধডজন উপদেষ্টার প্রতি সুবিচার হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সবাই এসব কাজে সক্রিয়ভাবে অবদান রেখেছেন এবং তিনি শুধু এটুকু নিশ্চয়তা দিতে পারেন যে গভীরভাবে কাজ করে আন্তর্জাতিক মানের কাজ উপহার দেওয়া হয়েছে।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬





