
খুলনা, ১৫ ফেব্রুয়ারি – খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দীর্ঘ দিন পর প্রবেশ করে দলটির নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেছেন। রোববার বিকেলে নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় তারা সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে দলীয় স্লোগান দেন। তবে রাতে এই ঘটনার জের ধরে ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে।
তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা ওই কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। তারা কার্যালয়ের আসবাবপত্র ও কাগজপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, তৃণমূলের কর্মীদের উদ্যোগেই তারা কার্যালয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয় কার্যালয়ে জমায়েতের খবর দেখে তারাও খুলনার কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা টাঙান এবং নেতাদের ছবিতে মালা দেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, বিকেলে কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ কার্যালয়টি খুলেছিল বলে তারা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাতে বিক্ষুব্ধ ছাত্ররা এসে অগ্নিসংযোগ করে এবং ছবি ভাঙচুর করে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।
এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





