গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের তহবিল ঘোষণা ট্রাম্পের – DesheBideshe

গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের তহবিল ঘোষণা ট্রাম্পের – DesheBideshe

গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের তহবিল ঘোষণা ট্রাম্পের – DesheBideshe

গাজা, ১৫ ফেব্রুয়ারি – ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সদস্য রাষ্ট্রগুলো ৫০০ কোটি ডলারের বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তার ঘোষণা দেবেন বলে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রবিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে উল্লেখ করেছেন যে গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে এই বিপুল পরিমাণ অর্থ দেওয়া হবে। সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে হামাসকে অবশ্যই আগে স্বাক্ষরিত চুক্তি রক্ষা এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন বোর্ড অব পিসের সদস্যরা এখন পর্যন্ত ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অত্যন্ত সম্মানের বিষয় বলে মন্তব্য করেন তিনি। গাজা যুদ্ধের স্থায়ী সমাধান ও দীর্ঘমেয়াদি শান্তি বজায় রাখার লক্ষ্যে আন্তর্জাতিক তদারকি সংস্থা হিসেবে ট্রাম্পের উদ্যোগে এই বোর্ড গঠন করা হয়েছে।

গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনের ফাঁকে বোর্ডটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংস্থাটির নির্বাহী কমিটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারসহ বিশ্বের অনেক প্রভাবশালী নেতারা রয়েছেন। এছাড়া আর্জেন্টিনা মিসর তুরস্ক সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top