
সৌদি আরব, ১৫ ফেব্রুয়ারি – সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব মুসলিমকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় আকাশে চাঁদ পর্যবেক্ষণের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী ওই রাতে চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও জ্যোতির্বিজ্ঞানীদের মতে মঙ্গলবার চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে চলতি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে এবং বুধবার হবে শাবান মাসের শেষ দিন। এই হিসাব অনুযায়ী বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।
জ্যোতির্বিদ্যার জটিল হিসাব বলছে যে উপসাগরীয় অঞ্চলজুড়ে ওই দিন চাঁদ দেখা প্রায় অসম্ভব একটি বিষয়। আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান ও মিশরসহ পার্শ্ববর্তী দেশগুলোতে একই পরিস্থিতি বিরাজ করতে পারে। বিশেষজ্ঞদের মতে মঙ্গলবার সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে যা খালি চোখে চাঁদ দেখাকে অসম্ভব করে তোলে। একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণের ঘটনাও ঘটতে পারে যা মহাকাশীয় অবস্থানকে আরও জটিল করে তুলবে।
ফলে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর সিদ্ধান্ত নেয় তারা শাবান মাস ৩০ দিনে পূর্ণ করতে পারে। সেই অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় নীতিমালা ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে কিছু দেশে এর একদিন আগেও রোজা শুরু হতে পারে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





