
ঝালকাঠি, ১৫ ফেব্রুয়ারি – ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত বাবা নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং বাবাকে আটক করেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেহেদী হাসান শুভ (২৫) এবং আটক বাবার নাম আব্দুল বারেক খান (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান শুভ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং একাধিক এলাকাবাসীকেও কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে কেবল পরিবার নয়, এলাকাবাসীও আতঙ্কে থাকত। ঘটনার দিন সকালে শুভ তার বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন এবং বাড়িতে ভাঙচুর চালান। একপর্যায়ে সন্ধ্যায় বাজার থেকে দা কিনে এনে মাকে জানান, টাকা না দিলে রাতেই বাবা-মাকে জবাই করে হত্যা করবেন।
ছেলের এমন হুমকিতে আতঙ্কিত হয়ে বাবা আব্দুল বারেক খান তার স্ত্রী খুশি বেগমকে অন্য ঘরে ঘুমাতে পাঠান। পরে রাত ৩টার দিকে ঘুমন্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। হত্যার পর তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভর মরদেহ উদ্ধার করে এবং আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছেলের মাদকাসক্তি ও হত্যার হুমকিতে চরমভাবে অতিষ্ঠ হয়ে বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





