লিখিত বক্তব্যে সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ফরিদগঞ্জে একটি অবাধ ও সুষ্ঠু ভোট হবে বলে আমি আশাবাদী ছিলাম। সকালে আমি সপরিবার কাউনিয়া শহীদ হাবিব উল্লাহ কেন্দ্রে ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাই। শুরুতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখেছিলাম, কিন্তু দুপুরের পর থেকেই দৃশ্যপট বদলে যেতে থাকে।’
হারুনুর রশিদ জানান, দুপুরের পর শোল্লা, ঘড়িয়ানা, মুন্সীরহাটসহ বেশ কিছু কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। এ ছাড়া বড়গাঁও উচ্চবিদ্যালয়, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত আটটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছেন।



