
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – সরকার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এখনো নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বর্তমান মুখ্যসচিব অতিরিক্ত দায়িত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাজ সামলাবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে।
এরপর ১৮ আগস্ট ড. শেখ আব্দুর রশীদ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগ দেন। অবসরে থাকা এই কর্মকর্তাকে চুক্তিভিত্তিকভাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছিল।
পরবর্তীতে ৮ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই বছরের জন্য চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৪ অক্টোবর তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শেখ আব্দুর রশীদের বাকি মেয়াদ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬





