মহাসড়কে অবতরণ করল মোদীকে বহনকারী বিমান – DesheBideshe

মহাসড়কে অবতরণ করল মোদীকে বহনকারী বিমান – DesheBideshe

মহাসড়কে অবতরণ করল মোদীকে বহনকারী বিমান – DesheBideshe

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি – জাতীয় সড়কে অবতরণ করলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর একটি সি-১৩০জে মডেলের প্লেন আসামের ৩৭ নম্বর জাতীয় সড়কে অবতরণ করে, যা সবাইকে একপ্রকার অবাক করে দেয়। তবে এটি কোনো জরুরি অবতরণ ছিল না। ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ইএলএফ)’ হিসেবে তৈরি করা সড়কটির সক্ষমতা যাচাই করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

জানা গেছে, মোরান বাইপাসের ৪.২ কিলোমিটার দীর্ঘ শক্তিশালী অংশকে এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে এটি বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। এর আগে মোদী এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন, জরুরি অবতরণের এই সুবিধা দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ইএলএফটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ও পরিবহন বিমানের জন্য একটি কৌশলগত, বহুমুখী রানওয়ে হিসেবে তৈরি করা হয়েছে। এই সুবিধায় ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং ৭৪ টন সর্বোচ্চ ওজনের পরিবহন বিমান অবতরণ করতে পারবে। এটি সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহারযোগ্য এবং জরুরি পরিস্থিতিতে দিঘরুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও কাজ করতে পারে।

ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি ২০২১ সালে রাজস্থানের বার্মের জেলায় চালু হয়েছিল। আসামের এই নতুন ইএলএফ বিশেষত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরপূর্ব অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

অবতরণের পর নরেন্দ্র মোদী প্রায় ৪০ মিনিটের একটি বর্ণিল এয়ার শো উপভোগ করেন, যেখানে অংশ নেয় তেজস, সুখোই এবং রাফালে যুদ্ধবিমান।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top