নেপালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার। স্কটল্যান্ডের বিপক্ষেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। স্কটিশদের দেড়শতাধিক রানের লক্ষ্যে নেমে শুরুতে চাপে পড়েছিল ইংলিশরা। পরে টম ব্যান্টনের অপরাজিত ফিফটিতে আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড।
কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে আগে ব্যাটে নামে স্কটল্যান্ড। ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় দলটি। জবাবে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।
স্কটল্যান্ড ব্যাটারদের মধ্যে ৩২ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন রিচি বেরিংটন। ২০ বলে ৩৩ রান করেন মাইকেল জন্স, ১৮ বলে ২৪ রান করেন ট্রম ব্রুস। এছাড়া ওলিভার ডেভিডসন ১৫ বলে ২০ রান করেন।
ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ ৩ উইকেট নেন। লিয়ান ডাউসন ও জোফরা আর্চার নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে ১৩ রানে দুই ওপেনার ফিল সল্ট ও জশ বাটলারের উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। জ্যাকব বেথেলকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন ব্যান্টন। ৬৬ রান যোগ করেন এই জুটি। ২৮ বলে ৩২ রান করে বেথেল আউট হলে জুটি ভাঙে।
৮৬ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ফেরেন ৪ রান করে। পঞ্চম উইকেটে স্যাম কারেনকে নিয়ে ৪৬ রান যোগ করেন ব্যান্টন। দলীয় ১৩২ রানে কারেন আউট হন ২০ বলে ২৮ রান করে। পরে উইল জ্যাকসকে নিয়ে জয় নিশ্চিত করেন ব্যান্টন। ৪ চার ও ৩ ছক্কায় ব্যান্টন ৪১ বলে ৬৩ রান করেন, জ্যাকস করেন ১০ বলে ১৬ রান।
স্কটল্যান্ড বোলারদের মধ্যে ব্রেন্ডন ম্যাকমুলেন, ব্রেড কুরি, ব্রেড হুইল, মাইকেল লিস্ক ও ওলিভার ডেভিডসন একটি করে উইকেট নেন।



