
কুয়ালালামপুর, ১৪ ফেব্রুয়ারি – মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুডু এলাকায় অবৈধভাবে চিকিৎসাসেবা পরিচালনা ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে ৬ জন ভুয়া চিকিৎসকসহ মোট ১৮ জন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার বিকালে জালান তুন তান সিউ সিন এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ওষুধও জব্দ করা হয়।
জেআইএমের গোয়েন্দা ও বিশেষ অপারেশন শাখার পাসতাক ইউনিট এবং জাবাতান কেসিহাতান কুয়ালালামপুরের ফার্মেসি এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান সম্পন্ন হয়। ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক লোকমান এফেন্দি রামলি জানান, দুই সপ্তাহের গোপন নজরদারির পর বিকাল ৪টায় অভিযানটি শুরু হয়। গ্রেফতারকৃতদের বয়স ২৪ থেকে ৫১ বছরের মধ্যে এবং তাদের মধ্যে ১৭ জনই বাংলাদেশি নাগরিক ও একজন মিয়ানমারের।
তদন্তে দেখা যায়, মুদি দোকান, কাপড়ের দোকান বা সেলুনের আড়ালে পেছনের গোপন কক্ষে অবৈধ ক্লিনিক ও ওষুধের ভাণ্ডার গড়ে তোলা হয়েছিল। সেখানে বাংলাদেশ থেকে পর্যটকদের মাধ্যমে আনা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ওষুধ ও অ্যান্টিবায়োটিক রাখা হতো যা ৫০ থেকে ১০০ রিঙ্গিতে বিক্রি করা হতো। মূলত কম খরচে সেবা পাওয়ার আশায় প্রবাসী বাংলাদেশিরাই এসব ভুয়া ডাক্তারের কাছে ভিড় করতেন। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ও বিষ নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬





