ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ | চ্যানেল আই অনলাইন

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ | চ্যানেল আই অনলাইন

চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হতে চলা হাইভোল্টেজ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। ৩৫ হাজার আসনের স্টেডিয়ামের সব টিকিট আগেভাগেই বিক্রি হয়ে গেছে, এমনকি কালোবাজারে দাম উঠেছে কয়েক গুণ বেশি। প্রতিবেদন ভারতীয় গণমাধ্যমে।

ম্যাচকে কেন্দ্র করে কলম্বোয় পর্যটকের ঢল নেমেছে। হোটেল ভাড়া সাধারণ সময়ের তুলনায় তিন-চার গুণ বেড়েছে; ১০০-১৫০ ডলারের কক্ষ এখন গুনতে হচ্ছে সর্বোচ্চ ৬৬০ ডলার পর্যন্ত। চেন্নাই ও দিল্লি থেকে কলম্বোগামী ফ্লাইটের ভাড়াও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। চেন্নাই-কলম্বো রুটে টিকিটের দাম ৬০০ ডলারের বেশি, আর দিল্লি থেকে প্রায় ৬৬৬ ডলার পর্যন্ত উঠেছে।

শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (এসএলএইটিও) সভাপতি নালিন জয়াসুন্দেরা বলেন, হোটেলগুলোয় আসন ফাঁকা নেই, বুকড। তার ভাষায়, ‘বেশির ভাগ দর্শকই প্যাকেজে আসছেন, যার দাম টিকিট, হোটেল ও ফ্লাইটের ওপর নির্ভর করে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার (প্রায় ২ লাখ ৪৪ হাজার ৬১৪ টাকা) বা তারও বেশি হতে পারে।’

শ্রীলঙ্কার পর্যটননির্ভর অর্থনীতির জন্য এটি ইতিবাচক সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেব্রুয়ারির প্রথম দশ দিনে দেশটিতে আসা প্রায় এক লাখ পর্যটকের বড় অংশই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এসেছে।

Scroll to Top