
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে।
শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। এর পাশাপাশি প্রকাশ করা হয় জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবনা নিয়ে অনুষ্ঠিত গণভোটের ফলাফলও। নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট পড়েছে ৪ কোটি ৮২ হাজার ৬৬০টি। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।
এছাড়া ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। সব মিলিয়ে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।
গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ১৬ ধারার ৩ উপধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা যায় বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ সমর্থন নিশ্চিত হলো এবং রাষ্ট্র সংস্কারের পথ আরও প্রশস্ত হলো।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬





