
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২১০টিতে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে যে ১৩টিতেই জয়লাভ করেছেন ধানের শীষের প্রার্থীরা এবং বাকি ৭টি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা। ঢাকা-১ আসনে বিএনপির খোন্দকার আবু আশফাক ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট। ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ঢাকা-৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন প্রায় ৩ হাজার ভোটে বিএনপি প্রার্থী তানভীর আহমেদকে পরাজিত করেছেন। ঢাকা-৫ আসনে জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন বিজয়ী হয়েছেন। ঢাকা-৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জামায়াতের আবদুল মান্নানকে হারিয়েছেন। ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমান এবং ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।
ঢাকা-৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন যেখানে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত শেখ রবিউল আলম জয়ী হয়েছেন। ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুমকে প্রায় ২ হাজার ভোটে পরাজিত করে চমক দেখিয়েছেন। ঢাকা-১২ আসনে জামায়াতের মো. সাইফুল আলম এবং ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। ববি হাজ্জাজ তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মামুনুল হককে পরাজিত করেন।
ঢাকা-১৪ আসনে জামায়াতের মীর আহমাদ বিন কাসেম এবং ঢাকা-১৫ আসনে দলটির আমির ডা. শফিকুর রহমান বিপুল ভোটে জয়ী হয়েছেন। ঢাকা-১৬ আসনে জামায়াতের মো. আব্দুল বাতেন বিজয়ী হয়েছেন। ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ঢাকা-১৮ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন। সর্বশেষ ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপির মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬




