
ঠাকুরগাঁও, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সদ্য সমাপ্ত এই নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিজয়ী হয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে ফখরুল অভিযোগ করেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। তার মতে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের ফলেই জামায়াতের এই উত্থান ঘটেছে।
তিনি বিষয়টিকে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে উল্লেখ করে বলেন যখনই গণতন্ত্র চাপা থাকে এবং গণতান্ত্রিক চর্চায় বাধা দেওয়া হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। আওয়ামী লীগের দমন পীড়নমূলক শাসন এবং বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়ার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে জনগণ ইতিমধ্যেই উগ্রবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে তিনি দাবি করেন।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬





