
ঢাকা, ১২ ফেব্রুয়ারি – দেশব্যাপী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রথমবারের মতো আয়োজিত গণভোট। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
এরই মধ্যে ঢাকা-৮ আসন থেকে প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে থাকার মুহূর্তেই ফলাফলে কারচুপির গুরুতর অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, অন্তত ছয়টি কেন্দ্রে ফলাফল পরিবর্তন করে দেওয়া হচ্ছে।
এই অভিযোগ নিয়ে তিনি বৃহস্পতিবার রাতে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে যান।
নাসীরুদ্দীনের প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ জানান, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রে এজেন্টদের আটকে রেখে অনিয়ম করা হচ্ছে। তাঁর অভিযোগ, মির্জা আব্বাস কলেজে বেশি ভোট পাওয়ার পরও পুনরায় গণনার নামে কালক্ষেপণ করা হচ্ছে এবং বাতিল ভোট যুক্ত করে ফলাফল পাল্টে দেওয়ার অপচেষ্টা চলছে।
এসব বিষয়ে লিখিত অভিযোগ জানাতেই তাঁরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬





