প্রথম ভোট নিয়ে উচ্ছ্বসিত সুনেরাহ-ঐশী-সাদিয়া, জানালেন প্রত্যাশার কথা – DesheBideshe

প্রথম ভোট নিয়ে উচ্ছ্বসিত সুনেরাহ-ঐশী-সাদিয়া, জানালেন প্রত্যাশার কথা – DesheBideshe

প্রথম ভোট নিয়ে উচ্ছ্বসিত সুনেরাহ-ঐশী-সাদিয়া, জানালেন প্রত্যাশার কথা – DesheBideshe

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে আছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, চিত্রনায়িকা জান্নাতুল ঐশী ও অভিনেত্রী সাদিয়া আয়মান।

অভিনয়ে নিজেদের জায়গা তৈরি করা এই তিন তরুণ তারকার কাছে প্রথমবার ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, ভবিষ্যতের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজের মত প্রকাশের একটি সুযোগ।

ঢাকার ভোটার সুনেরাহ বিনতে কামাল রাজনীতির জটিল বিষয় নিয়ে না গিয়ে সাধারণ মানুষের স্বস্তির কথাই বলেছেন। প্রথম ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, “আমি রাজনীতির এত কিছু বুঝি না। তবে আমার দেশটা ভালো থাকুক, সেটাই চাই। একজন সাধারণ নাগরিকের জীবনে স্বস্তি আসুক, মানুষ মানসিকভাবে শান্তিতে থাকুক।” তিনি আরও আশা করেন, দেশে শৃঙ্খলা ফিরে আসুক এবং সৃজনশীল খাতসহ সব খাত এগিয়ে যাক।

পিরোজপুরে বাড়ি হলেও জান্নাতুল ঐশী ভোট দেবেন ঢাকায়। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচিত সরকারের কাছে আমাদের বহু প্রত্যাশা নেই, কিন্তু আমাদের স্বস্তি দরকার, শান্তি দরকার। সংবিধানমতো দেশ চলুক, সেটাই চাই।” তিনি বেকারত্ব কমানো ও কর্মসংস্থান তৈরিতে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন।

বরিশালের ভোটার সাদিয়া আয়মান নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “প্রথমত নিরাপদ দেশ চাই। সবাই যেন নিরাপদে থাকেন, নিরাপদে চলাচল করতে পারেন—এটাই প্রত্যাশা।” আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “দিন শেষে আমরা তো মানুষ, তাই জীবনের নিরাপত্তাই সবার আগে।”

প্রথম ভোটের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত এই তিন অভিনেত্রীর কথায় উঠে এসেছে তরুণ প্রজন্মের প্রত্যাশা—শান্তি, নিরাপত্তা, কর্মসংস্থান এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top