
লক্ষ্মীপুর, ১১ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্বর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত ৮টার দিকে চেকপোস্টে তল্লাশিকালে জেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তার অংশ হিসেবে ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭ নম্বরের একটি গাড়িতে কৃষক দল নেতা শ্যামলসহ তিনজন যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে গাড়িটি তল্লাশি করা হলে সেখানে ১৫ লাখ টাকা পাওয়া যায়। এরপর টাকা ও গাড়িটি জব্দ করে আরোহীদের জেলা জজ আদালতের চার তলায় নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে নেওয়া হয়।
কমিটির সদস্য ও লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধা ঘণ্টার মধ্যে অর্থের উৎসের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বদরুল ইসলাম শ্যামল শহরের আল-আমিন ফার্মেসির মালিক। বিচারক তাহরিনা আক্তার নওরিন টাকা ও গাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও অভিযুক্ত বদরুল ইসলাম শ্যামলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬





