
অটোয়া, ১১ ফেব্রুয়ারি – কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বা আরসিএমপি এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন এবং এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কানাডার পাবলিক ব্রডকাস্টার সিবিসি জানিয়েছে, টাম্বলার রিজ এলাকার একটি হাই স্কুলের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মৃত্যুবরণ করেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অন্য একটি স্থানে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ওই দুজনের মৃত্যুও এই গুলিবর্ষণের ঘটনার সঙ্গে সম্পর্কিত।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীরা এই হামলা চালায়। ঘটনাস্থলে নিহত এক ব্যক্তিকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, হামলার পর নিজের অস্ত্র ব্যবহার করেই তিনি আত্মহত্যা করেছেন।
এনএন// ১১ ফেব্রুয়ারি ২০২৬





