গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জামানের সরকারি বাসভবনের প্রধান ফটকের সামনে একটি শক্তিশালী ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৮টার মধ্যে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে জেলা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা জেলা প্রশাসকের বাসভবনের প্রধান গেটের সামনের রাস্তায় ককটেলটি নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ঘটনার সময় জেলা প্রশাসকের বাসভবনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেননি। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
খবর পেয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। এ সময় পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হয়।
উল্লেখ্য, এর আগেও গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসকের বাসভবনসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।




