পর্তুগালের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির উদ্যোগে অডিভেলাস বোম্বেরস-এর কাছে জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।
এই সহায়তার মধ্যে ছিল বিশুদ্ধ পানির বোতল, শুকনো খাবার, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীসহ বিভিন্ন জরুরি উপকরণ, যা দ্রুত বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রদান করা হয়।
জরুরি খাদ্য সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, অর্থ সম্পাদক জাহিদ কায়সার, সাবেক সভাপতি রাসেল আহম্মেদ এবং ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর এ ইহসান।
এ সময় সংগঠনের সভাপতি রনি মোহাম্মদ বলেন,পর্তুগাল বাংলা প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক দায়িত্ববোধের জায়গা। অতীতেও যেকোনো জরুরি ও মানবিক সংকটে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও পর্তুগালের যেকোনো সামাজিক ও মানবিক প্রয়োজনে আমরা সক্রিয় থাকব। প্রাকৃতিক দুর্যোগ আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে পর্তুগালকে। সাম্প্রতিক ঝড়, টানা ভারী বৃষ্টি, অস্বাভাবিক আবহাওয়া এবং নদ-নদীর পানি বৃদ্ধি রাজধানী লিসবনসহ আশপাশের একাধিক অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এমন দুর্যোগপূর্ণ সময়ে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসা পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উদ্যোগ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার একটি শক্ত বার্তা বহন করছে। এই সহায়তা শুধু আর্থিক বা বস্তুগত নয়, এটি সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মানবিক কার্যক্রম প্রবাসী কমিউনিটি ও স্থানীয় সমাজের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করবে। দুর্যোগ-পরবর্তী দীর্ঘ পুনরুদ্ধার প্রক্রিয়ায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও প্রবাসী কমিউনিটির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অডিভেলাস বোম্বেরস-এর সদস্যরা। তারা জানান, এই সহায়তা দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হবে।




