শ্রীলঙ্কার তারকা স্পিনার ভানিডু হাসারাঙ্গার টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে। হ্যামস্ট্রিং চোটে খেলা হচ্ছে না তার। কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের সময় চোট পান।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বল করার সময় বেশ ভুগছিলেন হাসারাঙ্গা। এমআরআই করানো হয়। রিপোর্টের ভিত্তিতে জানানো হয়েছে, হ্যামস্ট্রিং চোটে বিশ্বকাপে আর খেলতে পারবেন না ২৮ বর্ষী। ম্যাচে চার ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
হাসারাঙ্গার আগের চোটের সাথে এ চোটের বেশ মিল রয়েছে, যদিও এ চোটকে ওই চোটের পুনরাবৃত্তি বলা হচ্ছে না। বেশ কয়েকবছর চোটের মধ্যে রয়েছেন তিনি। যুক্ত হয়েছে পায়ের চোটও। আইসিসি এখনও হাসারাঙ্গার বদলি নেয়ার অনুমোদন করেনি। তার জায়গায় দলে আসতে পারেন স্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্ত।
শ্রীলঙ্কার পরের ম্যাচ ১২ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে। ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দাসুন শানাকার দল।



