দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তিনি মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছেন না। বরং উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে মন্ত্রণালয় সফল হয়েছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজারে দামের বিষয়টি এই মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়। সে কারণে ইলিশসহ মাছের দাম প্রত্যাশামতো কমানো সম্ভব হয়নি। বিশেষ করে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় দাম নিয়ন্ত্রণে রাখা যায়নি।

উপদেষ্টা জানান, আমিষের মাধ্যমে মানুষের পুষ্টির যোগান বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধির দিকেই মূলত জোর দেওয়া হয়েছে।

সমুদ্রসম্পদের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সমুদ্রে মাছ আহরণ কিছুটা কমেছে, যা উদ্বেগজনক। তবে একই সঙ্গে জেলিফিশের পরিমাণ বেড়েছে, যা একটি নেতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের সমুদ্রসীমায় টুনা মাছ পাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

ফরিদা আখতার আরও বলেন, কৃষির একটি উপখাত হওয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ খাত প্রায়ই বৈষম্যের শিকার হয়। অথচ এটি একটি বড় খাত এবং দেশের অর্থনীতিতে এই খাতের অবদান উল্লেখযোগ্য।

তিনি বলেন, এই খাতকে যথাযথ গুরুত্ব দিলে পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

Scroll to Top