
ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অবৈধ লেনদেন ও অপব্যবহার রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর বা আইবিএফটি এবং পি টু পি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত নির্বাচনের সময় অর্থের অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে যে নির্বাচন চলাকালীন এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি সেবাদাতা প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে।
এছাড়া সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা এবং কোনো লেনদেন সন্দেহজনক বা অস্বাভাবিক মনে হলে দ্রুততম সময়ের মধ্যে তা সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬





