বাংলাদেশকে ছাড়াই গড়িয়েছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দলের ভারতে যেতে আপত্তি জানিয়ে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বিসিবি। কয়েকদফা আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক হলেও বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসসি। বিশ্বকাপে খেলতে না পারাটা হতাশার মনে করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। তবে তিনি বলেছন, ‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত।’
রোববার পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ ফাইনালের পর সংবাদমাধ্যমে এমন বলেছেন ফারুক আহমেদ। বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই বিষয়টি আমার ভালো লাগছে না। আমাদের কোনো খেলোয়াড়, কোনো দর্শক, কোনো সাংবাদিক কিংবা কোনো কর্মকর্তার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে এবং সেটার সম্ভাবনা ছিল প্রচুর। আমরা একাধিকবার আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছি। কিন্তু মানসম্মত নতুন পরিকল্পনা তারা আমাদের দিতে পারেনি৷’
না যাওয়ার কারণ জানিয়ে ফারুক বলেন, ‘বিশ্বকাপে আমরা যেতে পারিনি নিরাপত্তাজনিত কারণে। এর পেছনে হাজারটা কারণ ছিল। আইসিসি এমন কিছু করেনি, যাতে আমাদের যাওয়া উচিত। বিশেষ করে, প্রচলিত মানসম্মত নিরাপত্তা প্রোটোকলের বাইরে নতুন কোনো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়নি।’
‘সরকার যদি আপনাকে জিও না দেয় আপনি যেতে পারবেন না। এটা সরকারের একটি সিদ্ধান্ত ছিল যেটা ক্রিকেট বোর্ড সমর্থন করেছে। পাকিস্তান আমাদের পাশে ছিল এবং পরবর্তীতে আপনারা দেখেছেন প্রচুর সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার তারা বলেছেন যে আসলে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বঞ্চিত করাটা ঠিক হয়নি।’-যোগ করেন ফারুক।



