
ঢাকা, ৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে জি-টু-জি (G2G) পদ্ধতির আওতায় হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তিটি সই হয়। বাংলাদেশের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মো. শফিকুর রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাণিজ্যিক কর্মকর্তা মিস ন্যানিসে কালোবুলাওয়াসাইকাবারা চুক্তিতে স্বাক্ষর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই-কমিশনার, যুক্তরাজ্যের সামরিক উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টা ও উভয় দেশের পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে এই চুক্তি সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ একটি আধুনিক জরিপ জাহাজ। এতে মাল্টিবিম ইকো সাউন্ডার, সাইড স্ক্যান সোনার ও সাব-বটম প্রোফাইলারসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজিত রয়েছে। জাহাজটি গভীর সমুদ্র জরিপ, সীবেড ম্যাপিং এবং নেভিগেশনাল চার্ট তৈরিতে অত্যন্ত কার্যকর। এছাড়া জাহাজটিতে হেলিকপ্টার ল্যান্ডিং ডেক ও আধুনিক যোগাযোগ সুবিধাও রয়েছে। ২০০২ সালে প্রথম যাত্রা শুরু করা এই জাহাজটি ২০২৩ সালে ডি-কমিশন করা হয়। প্রয়োজনীয় সংস্কার বা রি-জেনারেশন শেষে ২০২৭ সালে এটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে বাংলাদেশের সমুদ্র গবেষণা, সুনীল অর্থনীতির বিকাশ এবং জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণে সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গবেষণাকাজে সহায়ক হবে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬





