
ঝিনাইদহ, ৮ ফেব্রুয়ারি – ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গ্রামীণ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে।
উপজেলার বিত্তিপাড়া বাজার থেকে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকাশ্যে দুই নম্বর ও পোড়া মাটির মতো নিম্নমানের ইট ব্যবহার করছে বলে দাবি স্থানীয়দের। ঝিনাইদহ এলজিইডি সূত্রে জানা গেছে কাঁচেরকোল বাজার থেকে রাজাপুর ক্যানেল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটি পাকাকরণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৩৮৬ টাকা। মেসার্স ঝিনাইদহ বাজার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজের দায়িত্ব পেলেও বর্তমানে সাব-ঠিকাদার হিসেবে কাজটি করছেন স্থানীয় এক কৃষকদল নেতার ভাই ইলিয়াস আলী। এলাকাবাসীর অভিযোগ রাস্তার ভিত্তি মজবুত না করেই তড়িঘড়ি করে কাজ শেষ করার পাঁয়তারা চলছে।
ব্যবহৃত ইটগুলো হাত দিয়েই ভেঙে যাচ্ছে যা কোনোভাবেই টেকসই সড়ক নির্মাণের উপযোগী নয়। এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের টেকসই সড়কের স্বপ্ন ভণ্ডুল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় যুবক আপেল মাহমুদ অভিযোগ করেন সাব-ঠিকাদার ইলিয়াস কৃষকদল নেতা ওসমান আলীর ভাই হওয়ার সুবাদে ক্ষমতার প্রভাব খাটিয়ে নিম্নমানের কাজ করছেন। কাজের মান নিয়ে প্রশ্ন তুললে বা বাধা দিলে ঠিকাদারের লোকজন গ্রামাবাসীকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় গ্রাম্য চিকিৎসক এস এম আকাম উদ্দিন জানান বহু প্রত্যাশিত এই সড়কে নিম্নমানের ইট ব্যবহার করায় বর্ষা মৌসুম আসার আগেই এটি ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।
সাব-ঠিকাদার ইলিয়াস আলী অবশ্য অনিয়মের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে সব নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। এ বিষয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন জানিয়েছেন সড়ক নির্মাণে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬




