
ঢাকা, ৮ ফেব্রুয়ারি – নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এসব জনসভায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন।
দলীয় সময়সূচি অনুযায়ী দুপুর দুইটায় ঢাকা ১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভার মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা ১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে এবং দুপুর ৩টা ৩০ মিনিটে ঢাকা ১৫ আসনের মিরপুর ১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তিনি উপস্থিত থাকবেন। বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা ১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
বিকেলের দিকে প্রচার কার্যক্রম আরও জোরদার হবে। বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা ১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা ১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
আজ রোববার ও আগামীকাল সোমবার মিলিয়ে এসব জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানিয়েছিলেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬





