
যমুনা, ৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ‘নামসর্বস্ব’ বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা ‘পাশা’কে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ইসি সচিব আখতার আহমেদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইসি সচিবও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘পাশা’ নামের ওই এনজিওটি ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছিল। তবে নির্বাচন কমিশন খোঁজখবর নিয়ে প্রতিষ্ঠানটির সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এই অনিশ্চয়তার কারণে তাদের কার্ড বিতরণ কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, এখন পর্যন্ত ওই এনজিওর বিষয়ে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, তবে তাদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘এক ব্যক্তিনির্ভর পাশা দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬





