
ঢাকা, ৭ ফেব্রুয়ারি – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে দল ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রায় চার কোটি পরিবারের প্রতিটি গৃহিণীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান। তারেক রহমান বলেন এই ফ্যামিলি কার্ডটি শুধুমাত্র নারীরাই পাবেন এবং এর মাধ্যমে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা প্রদান করা হবে। তিনি ব্যাখ্যা করেন যে গ্রামের একটি সাধারণ পরিবারে গড়ে পাঁচ থেকে ছয় জন সদস্য থাকেন এবং তাদের মাসিক বাজার খরচ বিবেচনা করলে এই অর্থ দিয়ে অন্তত এক সপ্তাহের বড় সহায়তা নিশ্চিত করা সম্ভব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে শহরের বিত্তবানদের কাছে এই অর্থের পরিমাণ সামান্য মনে হতে পারে কিন্তু প্রান্তিক পর্যায়ের মানুষের বাস্তবতায় এটি বিশাল ব্যাপার। এই অতিরিক্ত সহায়তা পেলে একজন নারী তার প্রয়োজন অনুযায়ী অর্থ খরচ করতে পারবেন অথবা নিয়মিত খরচ থেকে সাশ্রয় হওয়া অর্থ অন্য কাজে লাগাতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬




