
ঠাকুরগাঁও, ৭ ফেব্রুয়ারি – উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা পৌনে ১২টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভামঞ্চে উপস্থিত হন।
মাঠ প্রাঙ্গণে আসতেই হাজার হাজার নেতাকর্মী করতালির মাধ্যমে তাদের নেতাকে অভিবাদন জানান এবং তারেক রহমানও হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দেন।
এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে ২০০৩ সালের ৪ জানুয়ারি এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান। ওই সম্মেলনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকা হওয়ায় নেতাকর্মীদের কাছে তারেক রহমানের আগমনের বিষয়টি ভিন্নমাত্রার আবেগ সৃষ্টি করেছে।
পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক পয়গাম আলী। মঞ্চে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জেলা স্কুল মাঠে সমবেত হতে থাকেন। ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছানোর পর বিএনপি চেয়ারম্যান হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে পৌঁছান।
এদিনই দুপুর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এর আগে প্রথম দফায় ২৯ থেকে ৩১ জানুয়ারি উত্তরাঞ্চলে এবং দেশের অন্যান্য স্থানেও ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তিনি।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬




