
ঢাকা, ৬ ফেব্রুয়ারি – গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনরতদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ পুলিশের হামলায় আহত অন্যান্য নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসপাতাল পরিদর্শনকালে জামায়াত নেতার সঙ্গে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান। এ সময় অ্যাডভোকেট জুবায়ের আহতদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন, তাদের প্রতি গভীর সহমর্মিতা জানান এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
তিনি মহান আল্লাহর কাছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন চড়াও হওয়া অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর সাবেক জিএস আম্মারের মতো ব্যক্তিদের আহত হওয়ার ঘটনাটি গভীর উদ্বেগের বিষয়। তিনি অবিলম্বে এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। একইসঙ্গে আহত সবার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬





