সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলে তিন ক্যাটাগরি বয়সের টুর্নামেন্ট হয়ে আসছে ২০১৮ সাল থেকে। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ মেয়েদের এই প্রতিযোগিতায় বাংলাদেশেরই জয়জয়কার। এপর্যন্ত হওয়া ৬ আসরের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার ষষ্ঠ শিরোপার হাতছানি। শিরোপা নির্ধারণী ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ ভারত।
নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। রাউন্ড রবিন লিগে ভারতকে ২-০তে হারিয়েছিল বাংলাদেশ। মাঠের লড়াইয়ের আগে অবশ্য আত্মবিশ্বাসী কোচ জেমস পিটার বাটলার।
ভারতের কৌশল সম্পর্কে ধারণা আছে জানিয়ে বাটলার বলছেন, ‘আমার একটা মোটামুটি ধারণা আছে, তারা (ভারত) কীভাবে খেলবে, সে ইঙ্গিতটা পেয়েছি। আমি বলতে চাচ্ছি, তাদের কিছু ভালো খেলোয়াড় আছে, এতে কোন সন্দেহ নেই। আমাদের সেরা মানে এবং সতেজ থাকতে হবে। বাস্তবিক অর্থে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।’
‘যে ম্যাচ চলে গেছে, তা চলে গেছে। আমাদের এটিকে পেছনে ফেলতে হবে, এগিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, আমরা ইতিবাচক মানসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছি। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই, আমরা অনেক ভিডিও বিশ্লেষণ করেছি। তিনটি ম্যাচ খেলেছি, চোট পেয়েছি, চোট কাটিয়ে মেয়েরা ফিরে এসেছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, আবার ভারতের সঙ্গে খেলা, আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, আবার তাদের হারাতে হবে।’



