পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ | চ্যানেল আই অনলাইন

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ | চ্যানেল আই অনলাইন

শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাত্রা করেছিল ইনকিলাব মঞ্চ। সেখানে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে ইনকিলাব মঞ্চ দাবি করেছে।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ ও জাবেরের নিজেদের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি বলছে, পুলিশের ‘অ্যাকশনে’ তাদের আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

জাবের ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।’

বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংগঠনটির তীব্র সংঘর্ষ হয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে  শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো।

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা করেন নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাত্রা করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস, জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেখানে তিনি ১৪৪ ধারা জারির তথ্য দেন।

Scroll to Top