
চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারি – চট্টগ্রাম বন্দরে এসে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে আন্দোলনরত শ্রমিক ও কর্মচারীদের বাধার মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন।
টানা কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়ায় আজ বৃহস্পতিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে বন্দরে আসেন নৌ উপদেষ্টা।
সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক ভবনের দিকে যাওয়ার সময় ৪ নম্বর গেটের বাইরে আন্দোলনকারীদের বাধার মুখে পড়েন তিনি। এ সময় উপদেষ্টাকে গাড়ি থেকে নেমে পড়তে হয়।
শ্রমিকরা তখন উপদেষ্টাকে ঘিরে ধরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ড, সরকারের চুক্তি এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে জড়িতদের ‘দালাল’ বলে আখ্যা দেন।
এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসে সমস্যাগুলো আলোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, গত এক বছর ছয় মাস ধরে তিনি দেশের জন্য কাজ করছেন এবং পার্বত্য চট্টগ্রামে তিন বছর দায়িত্ব পালনের সময় দেশের কোনো ক্ষতি করেননি।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন উপদেষ্টাকে বলেন, তারা দেশবিরোধী নন এবং তিনি নিজে ৩২ বছর ধরে চট্টগ্রাম বন্দরে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, শুধু ডিপি ওয়ার্ল্ড নয়, কোনো মাফিয়াই বন্দরে থাকতে পারবে না।
তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মুনিরুজ্জামান গত এক বছর ছয় মাসে আন্দোলনকারীদের অযৌক্তিকভাবে শাস্তি দিয়েছেন এবং চেয়ারম্যানের বরখাস্তের দাবি জানান।
এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রমিকদের রাস্তার ওপর না দাঁড়িয়ে ভেতরে বসে আলোচনার প্রস্তাব দেন। পরে তিনি আশ্বাস দেন, বৈঠকে শুধু তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলবেন এবং সেখানে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত থাকবেন না। এতে আন্দোলনকারীরা শান্ত হন এবং তাকে ভেতরে যেতে দেন।
উপদেষ্টার অনুরোধে দুপুর ১২টায় শ্রমিকরা কনফারেন্স রুমে বৈঠকে বসেন।
এর আগে সকাল ১১টার দিকে বন্দরের কাস্টমস নিলাম শেডে ঢোকার সময় বিএনপিপন্থী কর্মী ও শ্রমিকরা আবারও উপদেষ্টার গাড়ি আটকে দেন। তারা এনসিটির পরিচালনা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরোধিতা করেন।
পরে উপদেষ্টা আশ্বাস দেন, তিনি এ বিষয়ে সমিতির নেতাদের সঙ্গে আলাদা করে আলোচনা করবেন। এরপর শ্রমিকরা তাকে যেতে দেন।
উপদেষ্টা বন্দরে আসার আগে সমিতির প্রায় ৫০ জন কর্মী নিলাম শেডের সামনে একটি মিছিল বের করেন এবং মানববন্ধন করেন।
এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬





