যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।
আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সোমবার সাবেক প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাক্ষ্য দিতে প্রস্তুত। তারা এমন একটি নজির স্থাপন করতে চান, যা সবার জন্য প্রযোজ্য হবে। এর আগে হাউস ওভারসাইট কমিটি এক বিবৃতিতে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ‘আইনসম্মত সমন অমান্য’ ও ‘বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা’র অভিযোগ তোলে।
গত সপ্তাহে ওভারসাইট কমিটি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর কারণে বিল ও হিলারি ক্লিনটনের বিরুদ্ধে আদালত অবমাননার সুপারিশ করে। যদিও ক্লিনটন দম্পতি তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে তারা সরাসরি হাজির হয়ে সাক্ষ্য দিতে রাজি হননি। তাদের দাবি ছিল, এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করতেই এটি পরিচালিত হচ্ছে।
ক্লিনটন দম্পতির এই নতুন সিদ্ধান্তের ফলে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রস্তাব আনার উদ্যোগ আপাতত এড়ানো যেতে পারে। এই বিষয়ে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ক্লিনটনদের সিদ্ধান্তকে স্বাগত জানালেও আদালত অবমাননার প্রস্তাব প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তিনি বলেন, এটি একটি ইতিবাচক অগ্রগতি। আমরা আশা করি সবাই কংগ্রেসের সমনে সাড়া দেবে।
ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের আক্রমণ করতেই এই তদন্তকে ব্যবহার করা হচ্ছে। তাদের মতে, এপস্টিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পকে এখনও সাক্ষ্য দিতে ডাকা হয়নি।




