সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক | চ্যানেল আই অনলাইন

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক | চ্যানেল আই অনলাইন

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সাভার সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, আজ ২ ফেব্রুয়ারি সোমবার তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুই ব্যক্তিকে তল্লাশি করে।

এসময় তাদের কাছ থেকে গাঁজা, দেশি ও বিদেশি মদসহ বিভিন্ন মাদক সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের একজন এর আগে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিষয়ে সেনা ক্যাম্প সূত্র জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Scroll to Top