
খাগড়াছড়ি, ২ ফেব্রুয়ারি – খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর মনোনীত অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে এই গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপির জেলা সদস্যসচিব সুবোধ চাকমা, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি লিসা ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন যে গত ৫৪ বছরে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন পাহাড়ি বা বাঙালি নেতৃত্ব ক্ষমতায় থাকলেও তারা পাহাড়ের সাধারণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেনি। তারা কেবল নিজেদের দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল বলে মন্তব্য করেন বক্তারা।
এ সময় বক্তারা দাবি করেন যে জামায়াতে ইসলামী এর ব্যতিক্রম এবং অতীতে সহিংসতার সময় এই দলের নেতাকর্মীরা বিহার, মন্দির ও গির্জা পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে। তাদের হাত ধরেই পাহাড়ে ন্যায়বিচার, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে বক্তারা পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এস এ এস/ ২ ফেব্রুয়ারি ২০২৬




